অতীত সরকারগুলোর ভুল সিদ্ধান্তের কারণেই দেশে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারগুলোর সময় অনেকগুলো বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হয়েছে। কিন্তু এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির উৎস নিশ্চিত করা হয়নি। অতীত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে এখনো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে আনা সম্ভব হয়নি।’
তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রয়োজনীয় জ্বালানি আমদানির জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে। দ্রুতই জ্বালানি সংকট কেটে যাবে।
প্রশাসন প্রসঙ্গে মো. আব্দুল বারী বলেন, দায়িত্ব নেওয়ার পর আমরা ভঙ্গুর একটি প্রশাসন পেয়েছিলাম। মাঠ প্রশাসনসহ সব ক্ষেত্রে সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। এরই মধ্যে প্রশাসন সচল হয়েছে। ভবিষ্যতে প্রশাসন আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছলতা আনতে তাদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে।
এর আগে, সকালে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে
ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা