অনুমতি না নিয়ে অন্য কোনো পেশায় নিয়োজিত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানিয়েছেন, যথাযথ তদন্তের মাধ্যমে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকদের আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। কোনো শিক্ষক যদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো চাকুরি বা ব্যবসায় নিয়োজিত থাকেন, তবে সেটি নিয়মবহির্ভূত হিসেবে গণ্য হবে। সেই সাথে কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়া বা অর্পিত দায়িত্ব পালনে অনীহা দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমকে লক্ষ্য করে মন্ত্রী আরো বলেন— শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে গণমাধ্যমকে তা প্রচার করার আহ্বান থাকলো। তিনি আশ্বস্ত করেন যে, অভিযোগের সত্যতা পাওয়ামাত্রই সরকার ব্যবস্থা নেবে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধির চেয়ে অবকাঠামো নির্মাণে বেশি মনোযোগী ছিল, যার উদ্দেশ্য ছিল দুর্নীতি। ফলে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পূর্ণ মনোযোগ প্রয়োজন। যারা শিক্ষকতা পেশাকে পাশ কাটিয়ে অন্য কাজে সময় ব্যয় করছেন, তাদের ছাড় দেওয়া হবে না।”
