বুধবার, ০৩ জুন ২০২৬
Logo
×

অ্যাপল ও অ্যামাজনের শীর্ষ পদে বাংলাদেশী দুই সহোদর

প্রথম সমাচার ডেস্ক ০৩ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

মেধা, পরিশ্রম ও অদম্য সংকল্পের জোরে বিশ্বের দুটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও গ্রামের দুই সহোদর।

ইঞ্জিনিয়ার ড. তানভীর আহমদ চৌধুরী এবং সাব্বির আহমদ চৌধুরী নিজ নিজ মেধা ও যোগ্যতায় যথাক্রমে অ্যাপল ইনকরপোরেটেড ও অ্যামাজনের মতো বহুজাতিক প্রতিষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

বড় ভাই ড. তানভীর আহমদ চৌধুরী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন।

এরপর ২০২২ সালের জানুয়ারিতে তিনি আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান কোরভো (QORVO)-তে যোগ দেন এবং ২০২৫ সালের নভেম্বরে টেক্সাসের ডালাস অফিসে সিনিয়র স্টাফ ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি পান। সম্প্রতি চলতি বছরের ১ জুন তিনি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেডের ক্যালিফোর্নিয়া অফিসে সিএডি ডিরেক্টর (CAD Director) পদে যোগদান করেছেন।

ছোট ভাই সাব্বির আহমদ চৌধুরী ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ও ফিন্যান্সে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি ও পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি জার্মানির মিউনিখ শহরে অ্যামাজনের কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন এবং ইউরোপের ছয়টি দেশে অ্যামাজনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

দুই ভাইয়ের পিতা আব্দুল মোতালেব চৌধুরী রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের সাবেক সেলস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার এবং মাতা মিনু আরা মোতালেব একজন গৃহিণী। সন্তানদের এই আন্তর্জাতিক সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

সংবাদ স্থানীয় সূত্রে সংগৃহীত

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...