কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা নেতা সেলিমা আহমাদ মেরী মারা গেছেন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন সেলিমা আহমাদ মেরী। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেলিমা আহমাদ মেরী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সংগঠনটির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং ব্যবসায় অংশগ্রহণ বৃদ্ধিতে দীর্ঘদিন কাজ করেছেন।
১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণকারী সেলিমা আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক এবং কানাডায় ব্যবসা পরিচালনা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আবদুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার কর্মময় জীবনের অবদান স্মরণ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
