সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Logo
×

আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে প্রস্তুতি ও অগ্রগতি পর্যবেক্ষণ করতে গতকাল রোববার মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় রাজশাহীতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর এবং ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড ও সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে।

রাসিক প্রশাসক বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট, রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবারও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলমান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপালিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুখপাত্র গাজীউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপালিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী যেখানে ল্যান্ড করবেন, সেখান থেকে শুরু যে দুইটি স্থান পরিদর্শন করবেন, এই স্থানসহ পুরো রুটটাতে আমাদের যে ধরনের নিরাপত্ত ব্যবস্থা দরকার, এই বিষয়গুলো আমরা পরিদর্শন করেছি। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। এগুলো সম্বয়ন করে প্রধানমন্ত্রীর সফর ও জনসভা নিরাপদ ও সুষ্ঠ, সুন্দর হয় এই বিষয়গুলো সামনে রেখে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com