বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

আগামীতে দ্রব্যমূল্য বাড়বে; এ নিয়ে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে বাংলাদেশের বাজারে পণ্যমূল্য বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশঙ্কার কথা জানান। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

​মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এক ভয়াবহ রূপ নিয়েছে, যা আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই সংকটকে তিনি ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে বর্ণনা করে বলেন, এর প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নেই বরং খাদ্যদ্রব্যসহ সামগ্রিক সরবরাহ ব্যবস্থার ওপর পড়ছে। ফলে অদূর ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

​বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে অর্থমন্ত্রী উল্লেখ করেন যে, এটি কোনো নির্দিষ্ট দেশের একক সমস্যা নয়। উদাহরণ হিসেবে তিনি জানান, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে সরকার এখনো দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে আন্তর্জাতিক বাজারের এই চাপ কতদিন সামাল দেওয়া সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

​তিনি আরও জানান, একটি নির্বাচিত সরকার হিসেবে সাধারণ মানুষের ওপর বাড়তি খরচের বোঝা না চাপাতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে সরকারের পক্ষে এই আর্থিক ক্ষতি বহন করা কঠিন হয়ে পড়বে।

সরকারি তহবিলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হলে শেষ পর্যন্ত তার প্রভাব জনগণের ওপরই পড়ে। তাই উদ্ভূত বাস্তবতা ও দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করেই ভবিষ্যতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...