মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Logo
×
জাতীয় সংসদ অধিবেশন

আজ সংসদে মাঠ উদ্ধার, এলজিইডি ও সাইবার প্রতারণা নিয়ে মনোযোগ আকর্ষণ

প্রথম সমাচার ডেস্ক ০৮ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

আজ সোমবার ২৫ জৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ৮ জুন ২০২৬ বিকাল ৩টায় জাতীয় সংসদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং, আইন প্রণয়ন শাখা-১ থেকে এই কার্যসূচি প্রকাশ করা হয়েছে।

আজকের বৈঠকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর প্রদানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যপ্রণালী-বিধির ৭১(৫) বিধি অনুযায়ী যে বৈঠকের জন্য নোটিশ দেওয়া হয়েছে, সেই বৈঠকে ৭১ক বিধি অনুযায়ী মাননীয় সদস্যগণ কর্তৃক দুই মিনিট করে দেওয়া বক্তব্যের নোটিশসমূহের উপর সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি টেবিলে উপস্থাপন করা হবে।

এছাড়া বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে। একই বিধির আওতায় গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা অনুষ্ঠিত হবে।

গৃহীত নোটিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো — মহিলা আসন-১০ থেকে বেগম নিলোফার চৌধুরী মনি রাজধানী ঢাকার দুই সিটিসহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ, পার্ক উদ্ধার এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত করার প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছেন।

নরসিংদী-৫ আসনের সদস্য জনাব মোঃ আশরাফ উদ্দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন কাজের গুণগত মান বজায় রাখতে অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের পরিবর্তে স্থানীয় ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে একই মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

মহিলা আসন-৯ থেকে বেগম হেলেন জেরিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, রাজনৈতিক ব্যক্তিবর্গের চরিত্রহনন, বিভ্রান্তিকর প্রচারণা ও নারী হয়রানি প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছেন।

কার্যসূচিটি সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এবং ২৪ জৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ৭ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...