শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

আমরা দেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম সমাচার ডেস্ক ২৮ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা দেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চাই। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “সেনানিবাসে এলে অন্যরকম অনুভূতি কাজ করে। মনে হয় নিজের জায়গায় আছি। এখানে আমার সুখ-দুঃখের অনেক স্মৃতি জড়িয়ে আছে।”

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকা দেশের মানুষের কাছে গভীরভাবে মূল্যায়িত। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।”

তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর সদস্যরা একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত থাকবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাত্রার খোঁজখবর নেন। পরে তিনি সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে জোহরের নামাজ আদায়ের পর সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...