রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
স্বপ্নজয়ী মা সম্মাননা পাচ্ছেন মোত্তালিব মিহিরের মা

আরটিভির ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননায় ভূষিত হচ্ছেন পাঁচ রত্নগর্ভা মা, সম্মাননা পাচ্ছেন মোত্তালিব মিহিরের মা

প্রথম সমাচার ডেস্ক ০৩ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

মা দিবস উপলক্ষে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV আয়োজন করেছে বিশেষ সম্মাননা অনুষ্ঠান ‘স্বপ্নজয়ী মা’। এবারের আয়োজনে সমাজে অনুকরণীয় অবদান রাখা পাঁচজন রত্নগর্ভা মাকে “স্বপ্নজয়ী মা” সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে।

জানা গেছে, সন্তানদের সাফল্যের পেছনে নিরবচ্ছিন্ন ত্যাগ, সংগ্রাম, প্রেরণা ও মমতার স্বীকৃতি হিসেবেই এই বিশেষ সম্মাননা দিচ্ছে আরটিভি। মা দিবসকে কেন্দ্র করে নির্মিত অনুষ্ঠানটি আগামী ১০ মে আরটিভির পর্দায় প্রচারিত হবে।

এবারের সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪৩তম বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তা মোত্তালিব মিহিরের মা-ও। বিষয়টি জানিয়ে মোত্তালিব মিহির আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, এর আগে তার বাবাকে “গর্বিত বাবা” সম্মাননায় ভূষিত করা হয়েছিল, আর এবার মা জননীকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ায় পরিবারের গর্ব আরও বহুগুণ বেড়ে গেছে।

তিনি মনে করেন, সন্তানের অর্জনের পেছনে একজন মায়ের যে অদৃশ্য শ্রম, ত্যাগ এবং প্রার্থনা কাজ করে—এই সম্মাননা তারই সামাজিক স্বীকৃতি। একজন সন্তানের সাফল্য কেবল ব্যক্তিগত নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মা-বাবার দীর্ঘ সংগ্রামের ইতিহাস; আর সেই ইতিহাসকে সামনে আনতেই এমন আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

আরটিভির এই উদ্যোগকে ইতোমধ্যে অনেকে প্রশংসা করেছেন। কারণ, আলোচনার কেন্দ্রবিন্দুতে সাধারণত সফল সন্তানরা থাকলেও তাদের সাফল্যের নেপথ্যের মানুষ—মায়েদের ত্যাগ খুব কমই প্রকাশ্যে আসে। ‘স্বপ্নজয়ী মা’ অনুষ্ঠান সেই অদেখা গল্পগুলোকে সম্মানের আলোয় তুলে ধরবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...