ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না পাকিস্তান—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেছেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে আল-কুদস (জেরুজালেম)কে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না।
এক বক্তব্যে ইসহাক দার বলেন, ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান দীর্ঘদিনের এবং অত্যন্ত সুস্পষ্ট। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সমাধানের পক্ষে পাকিস্তান অবিচল থাকবে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকার নিশ্চিত না করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজাসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান মানবিক সংকট নিয়ে ইসলামাবাদ গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনি জনগণের মানবাধিকার রক্ষা এবং একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছে এবং এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। ইসলামাবাদ বরাবরই জাতিসংঘের প্রস্তাব ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। পাকিস্তানের মতে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার একমাত্র গ্রহণযোগ্য পথ।
