জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জন বাংলাদেশের জন্য একটি গৌরবময় মুহূর্ত। তিনি আরও উল্লেখ করেন, এ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ড. খলিলুর রহমানের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দীর্ঘ অভিজ্ঞতার প্রতি তাদের আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটিয়েছে।
প্রফেসর ইউনূস বলেন, এই সাফল্য শুধু একজন ব্যক্তির অর্জন নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতা প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘদিনের ইতিবাচক ভূমিকারও স্বীকৃতি।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, “অভিনন্দন, ড. খলিল। আপনি আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে গর্বিত করেছেন।” তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান তার দায়িত্ব সফলতা ও মর্যাদার সঙ্গে পালন করবেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বার্তার শেষে প্রফেসর ইউনূস ড. খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য ও শুভকামনা কামনা করেন।
