বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প: সুনামি সতর্কতা জারি

প্রথম সমাচার ডেস্ক ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপদেশ ইন্দোনেশিয়া এর উত্তর মালুক্কা সাগর এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বৃহস্পতিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল তেরনাতে শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১২৭ কিলোমিটার দূরে।

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, উপকেন্দ্রের এক হাজার কিলোমিটারের মধ্যে থাকা উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামির ঝুঁকি রয়েছে। এর মধ্যে ফিলিপাইন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন উপকূল অন্তর্ভুক্ত। কিছু এলাকায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া জাপান, পাপুয়া নিউগিনি, তাইওয়ান ও গুয়ামের উপকূলে ৩০ সেন্টিমিটারের কম উচ্চতার ঢেউ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির উপকূলে সামান্য সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হতে পারে। তবে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই। একইভাবে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোও জানিয়েছে, তাদের মূল ভূখণ্ড বা দ্বীপাঞ্চলের জন্য কোনো সুনামি হুমকি নেই।

বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

উল্লেখ্য, ২০২২ সালে পশ্চিম জাভার সিয়ানজুর এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬০২ জন নিহত হন। এছাড়া ২০১৮ সালে সুলাওয়েসিতে ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারান ৪,৩০০ জনের বেশি মানুষ। এরও আগে ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামিতে একাধিক দেশে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়, যার বড় অংশই ছিল ইন্দোনেশিয়ার আচেহ অঞ্চলের বাসিন্দা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...