পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ কর্মসূচি ঠেকাতে দেশটির রাজধানী ইসলামাবাদে কার্যত লকডাউন জারি করা হয়েছে। বিক্ষোভ রুখতে সরকার ইসলামাবাদে হাজার হাজার পুলিশ মোতায়েন এবং মহাসড়কগুলো ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়েছে। এ ছাড়া পিটিআই-এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। খবর গার্ডিয়ানের।
এদিকে সরকারের হুমকি-ধমকির মুখে আগামী ২৭ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি পিছিয়ে ৪ অক্টোবরে নিয়েছে পিটিআই বলে জানিয়েছে ডন, এক্সপ্রেস ট্রিবিউনসহ পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আনুষ্ঠানিকভাবে লংমার্চ পেছানোর ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সাল থেকে দুর্নীতির মামলায় কারারুদ্ধ ইমরান খানের প্রতি কারা কর্তৃপক্ষের আচরণ নিয়ে গভীর উদ্বেগের প্রেক্ষাপটে লংমার্চের ডাক দেয় পিটিআই। বিশ্লেষকদের মতে, এই প্রতিবাদ কর্মসূচি সেনাসমর্থিত বর্তমান সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইমরান খান এখনও জনগণের কাছে এক জনপ্রিয় নেতা। বর্তমানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে শাসক জোট ক্ষমতায় থাকলেও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকেই দেশটির ‘প্রকৃত নেতা’ হিসেবে দেখা হয়।
চলতি সপ্তাহে পিটিআই-এর বহু নেতা ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে অথবা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমনকি গত সোমবার (২১ সেপ্টেম্বর) ইমরান খানের তিন বোনকেও গ্রেপ্তার করা হয়। নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টির অভিযোগে এখনও কারাগারে রয়েছেন তারা।
গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়া নেতাদের মধ্যে রয়েছেন পিটিআই-এর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ইমরান খানের নিজ প্রদেশ খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। এই প্রদেশটি থেকেই হাজার হাজার সমর্থক রাজধানী অভিমুখে লংমার্চে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আফ্রিদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইমরান খানের বিরুদ্ধে মামলার সুষ্ঠু শুনানি নিশ্চিত করা এবং কারাগারে তার প্রাপ্য সুযোগ-সুবিধার বিষয়ে সরকার দৃশ্যমান ছাড় না দিলে নিজেদের কর্মসূচি চালিয়ে যাবে পিটিআই।
তিনি বলেন, ‘সরকার চরম আতঙ্কে ভুগছে। আর সে কারণেই তারা ইসলামাবাদকে অবরুদ্ধ করে রেখেছে, আমাদের মন্ত্রীদের তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু ইমরান খান এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং সাধারণ মানুষ তার জন্যই রাজপথে নেমে আসবে। আমার দৃঢ় বিশ্বাস, জনগণ যখন রাস্তায় নেমে এসে ইসলামাবাদ অভিমুখে যাত্রা করবে, তখন এই গণজোয়ার রুখে দেয়া সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না।’

ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল
সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের
চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার