বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহারের অভিযোগ

ইরানকে ‘শাহেদ’ ড্রোন দিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রথম সমাচার ডেস্ক ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহারের জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়াকে জেলেনস্কি বলেন, মার্কিন ঘাঁটিতে হামলায় ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে যা ‘শতভাগ সত্য’।

তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘটিত হামলাগুলোর সঙ্গেও এই ড্রোনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে এসব ড্রোনের প্রকৃত প্রস্তুতকারক কে, তা সব সময় স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।

মূলত ইরান–ই প্রথম ‘শাহেদ’ ড্রোন তৈরি করে, যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচে কার্যকর হামলা চালাতে সক্ষম।

ইউক্রেনের দাবি অনুযায়ী, ২০২২ সালের শরৎকাল থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে এই ড্রোনের ব্যাপক ব্যবহার শুরু হয়। তখন থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন ব্যবহার করেছে বলে জানা যায়।

শুরুর দিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও বর্তমানে রাশিয়া নিজেই এগুলো উৎপাদন করছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর মতে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এই ধরনের ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান ও প্রথম আলো।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...