ইরানের তেল ও জ্বালানি খাতের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬০ দিনের জন্য ইরান অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিভিন্ন পেট্রোকেমিক্যাল পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ পাবে।
এ পদক্ষেপের ফলে নির্ধারিত সময়ের মধ্যে তেহরান বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে জ্বালানি বাণিজ্য পরিচালনা করতে পারবে। নিষেধাজ্ঞা শিথিলকরণটি যুক্তরাষ্ট্র-ইরান চলমান কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে এসেছে বলে জানা গেছে।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ ৬০ দিনের একটি রোডম্যাপে সম্মত হয়েছে। আলোচনার অগ্রগতি অব্যাহত থাকলে এবং চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে এই ছাড়ের মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাময়িক অব্যাহতির আওতায় ইরান বৈশ্বিক বাজারে তেল বিক্রি করতে পারবে। একই সঙ্গে এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক তেলের দামের ওপরও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: রয়টার্স
