শনিবার রাতভর তেহরান এবং এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি সংরক্ষণাগারগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় পুরো ইরানে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী তেহরানের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের অন্তত পাঁচটি প্রধান তেল ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার ভয়াবহতায় তেলের ট্যাংকগুলোতে বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে সৃষ্ট ঘন কালো ধোঁয়ায় রবিবারের সূর্য ঢাকা পড়ে গেছে। পুরো তেহরান এখন এক অন্ধকারাচ্ছন্ন এবং বিষাক্ত ধোঁয়াশাঘেরা শহরে পরিণত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় তেল বিতরণ কেন্দ্রে কর্মরত অন্তত চারজন কর্মী প্রাণ হারিয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলবোর্জ প্রদেশের একটি তেল স্থানান্তর কেন্দ্রও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আকাশজুড়ে ছড়িয়ে পড়া এই ধোঁয়ায় প্রচুর পরিমাণে বিষাক্ত হাইড্রোকার্বন ও সালফার থাকায় জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের হুমকির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রেড ক্রিসেন্ট থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ‘অ্যাসিড বৃষ্টি’ হওয়ার বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
