সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির গুরুত্বপূর্ণ বন্দরসংলগ্ন এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দা ও কর্মরতদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব এলাকায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ভেতরে তারা অবস্থান করছে।
তেহরানের ভাষ্য অনুযায়ী, ওই স্থাপনাগুলো সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ফলে নিরাপত্তার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের সতর্কবার্তা নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকলে গুরুত্বপূর্ণ বন্দর ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর এর প্রভাব পড়তে পারে।
তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে।
