রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

প্রথম সমাচার ডেস্ক ১৯ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার প্রেক্ষিতে এবং তাদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের অনুরোধে তিনি সামরিক পদক্ষেপ স্থগিত রেখেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হতে পারে—এমন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না।” তবে সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, ওয়াশিংটন যেন আবারও কোনো “ভুল হিসাব-নিকাশ” না করে।

মার্কিন সংবাদমাধ্যম বিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ায় তিনি কৌশলগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের এক জরিপ অনুযায়ী, প্রায় ৬৪ শতাংশ মার্কিন ভোটার মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ভুল ছিল। একইসঙ্গে মাত্র ৩৭ শতাংশ ভোটার বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট বলে জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার পর ইরান-সংকট নতুন মাত্রা পায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই পরিস্থিতিতে উপসাগরীয় আরব দেশগুলো নতুন করে উদ্বেগে পড়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান প্রতিশোধ হিসেবে অঞ্চলটির বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও পানিশোধন কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প চলমান আলোচনাকে “ইতিবাচক অগ্রগতি” হিসেবে উল্লেখ করেন। তবে তিনি বলেন, অতীতেও চুক্তির সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। তিনি আরও বলেন, “ইরানের সঙ্গে সম্মানজনক সমাধানে পৌঁছানো গেলে সেটিই সবচেয়ে ভালো হবে। যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানই আমি চাই।”

উল্লেখ্য, গত এপ্রিল মাসে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সেই যুদ্ধবিরতি মোটামুটি কার্যকর রয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, বিসি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...