ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলে ইসরায়েলকে একাই লড়তে হবে বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি ফোনে তিনি বলেন, “বিবি, সাবধান হও — নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে পড়বে।” অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই সতর্কবার্তার কথা নিশ্চিত করেছেন।
এপ্রিলে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রবিবার রাতে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা দেখা দেয়। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর ইসরায়েল পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিলে ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকতে বলেন।
কিন্তু সেই ফোনালাপের পরও নেতানিয়াহু শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানান যে ইরানে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
ট্রাম্প পরে স্বীকার করেন, ইসরায়েলি মিসাইল আকাশে উড়ে যাওয়ার পর শেষ মুহূর্তে ওয়াশিংটনকে বিষয়টি জানানো হয়েছিল এবং তিনি হামলার পরিধি কিছুটা সংকুচিত করতে সক্ষম হয়েছেন।
এই পরিস্থিতিতে মধ্যস্থতায় সক্রিয় পাঁচটি আঞ্চলিক দেশ ট্রাম্পকে অনুরোধ জানায় যাতে তিনি নেতানিয়াহুকে চাপ দিয়ে হামলা বন্ধ করেন এবং ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা এগিয়ে নেওয়া যায়।
ট্রাম্প জানান, সেই দেশগুলো পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিল। এরই মধ্যে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে উভয় পক্ষকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করার নির্দেশ দেন এবং বলেন, শান্তির চূড়ান্ত আলোচনা চলছে, যদি না অজ্ঞতা বা বোকামি সেই পথে বাধা হয়ে দাঁড়ায়।
বর্তমানে ইরান ও ইসরায়েল পারস্পরিক হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননসহ যেকোনো স্থানে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে হামলা পুনরায় শুরু হবে। এই পরিস্থিতিতে মার্কিন-ইরান পরোক্ষ শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
আল-জাজিরা
