যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে পর্যাপ্ত সমর্থন না দেওয়ায় স্পেন ও ইতালির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্রধারী হলে বিশ্বের সামনে এমন ভয়াবহ বিপর্যয় নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি।
ট্রাম্প সাংবাদিকদের কাছে তার অসন্তোষ প্রকাশ করে বলেন, তিনি ইতালি ও স্পেনের ভূমিকায় মোটেও সন্তুষ্ট নন। তার মতে, যারা ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে দেখতে আগ্রহী বা এই বিষয়ে নমনীয় মনোভাব পোষণ করছেন, তারা মোটেও বাস্তববুদ্ধি সম্পন্ন কাজ করছেন না।
ট্রাম্প স্পষ্ট করে দেন যে, ইরান যদি পরমাণু সক্ষমতা অর্জন করার সুযোগ পায়, তবে তা সমগ্র বিশ্বের জন্য এক অপূরণীয় সংকট তৈরি করবে। আর তাই তার প্রশাসন যেকোনো মূল্যে ইরানের এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে রুখে দিতে বদ্ধপরিকর।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও বৈশ্বিক উত্তেজনার এই সংকটময় মুহূর্তে পশ্চিমা মিত্রদের মধ্যে এমন ফাটল আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্য থেকে এটি স্পষ্ট যে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র তার কঠোর অবস্থান থেকে একচুলও সরছে না এবং মিত্র দেশগুলোকেও তাদের এই অভিযানে সক্রিয় সমর্থন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।
শেষ পর্যন্ত এই কূটনৈতিক টানাপড়েন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যায়, তা নিয়ে এখন বিশ্বজুড়ে গভীর উদ্বেগ বিরাজ করছে।
সূত্র: আল-জাজিরা
