শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×
পিউ রিসার্চ সেন্টারের জরিপ

ইসরাইলবিরোধী মনোভাবে শীর্ষে তুরস্ক, সর্বনিম্ম ভারত

প্রথম সমাচার ডেস্ক ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিশ্বজুড়ে ইসরাইলের ভাবমূর্তি এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, অধিকাংশ দেশের মানুষ ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন এবং নেতানিয়াহুর নেতৃত্বের ওপর আস্থা হারাচ্ছেন।

পিউ রিসার্চ সেন্টারের ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউড সার্ভে’ শীর্ষক জরিপে বিশ্বের ৩৬টি দেশের ৪৪ হাজার ৬৫৭ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছেন। বিপরীতে ইতিবাচক মতামত দিয়েছেন মাত্র ২৫ শতাংশ।

জরিপে দেখা গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসরাইলবিরোধী মনোভাব সবচেয়ে বেশি। এ ক্ষেত্রে তুরস্ক শীর্ষে রয়েছে, যেখানে ৯৭ শতাংশ মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মতামত প্রকাশ করেছেন। পাকিস্তানে এ হার ৯৫ শতাংশ, মালয়েশিয়ায় ৮৯ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৮৬ শতাংশ এবং বাংলাদেশে ৭৯ শতাংশ।

ইউরোপের বেশ কয়েকটি দেশেও ইসরাইল সম্পর্কে বিরূপ মনোভাব ব্যাপকভাবে বেড়েছে। ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেশটির প্রতি অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তবে সাব-সাহারা আফ্রিকার কিছু দেশে তুলনামূলকভাবে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

জরিপে সবচেয়ে ব্যতিক্রমী অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মাত্র ২৮ শতাংশ মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা জরিপভুক্ত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে ৩২ শতাংশ ভারতীয় ইসরাইল সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, উত্তর আমেরিকা ও ইউরোপে বয়স্কদের তুলনায় তরুণদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বেশি। একইভাবে রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রেও বড় ধরনের বিভাজন লক্ষ্য করা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে বাম ও উদারপন্থী জনগোষ্ঠীর মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব তুলনামূলকভাবে বেশি।

পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব আরও বৃদ্ধি পেয়েছে। আগের তথ্য থাকা ২৪টি দেশের মধ্যে ১৩টিতেই এ প্রবণতা বেড়েছে।

জরিপে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও ব্যাপক অনাস্থা প্রকাশ পেয়েছে। বাংলাদেশে ৯০ শতাংশ মানুষ তাঁর প্রতি অনাস্থা জানিয়েছেন। তুরস্কে এ হার ৯৫ শতাংশ, পাকিস্তানে ৯২ শতাংশ এবং মালয়েশিয়ায় ৯১ শতাংশ।

অন্যদিকে কেনিয়া ও ফিলিপাইনে নেতানিয়াহুর প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব দেখা গেছে। ভারতে তাঁর প্রতি অনাস্থার হার ২৭ শতাংশ, আর আস্থা প্রকাশ করেছেন ৩৪ শতাংশ উত্তরদাতা।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, সামরিক অভিযান এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ইসরাইল ও নেতানিয়াহুর ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে বিশ্লেষকদের মতামত জানান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...