ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, পেটাহ তিকভাহ এলাকায় ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ধ্বংসাবশেষের আঘাতে ৩৪ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েলের এই কেন্দ্রীয় অঞ্চলে অন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত বা ধ্বংসাবশেষ পড়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে তেল আবিবের একটি ভবন সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ২-এর প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে গুশ দান এবং বনি ব্রাক অঞ্চলের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
তেল আবিবের ক্ষতিগ্রস্ত সেই ভবনটির ভিডিও ফুটেজে দেখা যায় যে সেখানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে।
মূলত ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার সময় সেগুলোর অংশবিশেষ জনবহুল এলাকায় আছড়ে পড়াতেই এই আহতের ঘটনা ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর আল-জাজিরা/পিএস
