চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র তারা ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করেছে।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তু করা স্থাপনাটি ইসরাইলি সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল। বিশেষ করে যুদ্ধবিমান ও বিভিন্ন বিমানঘাঁটির মধ্যে সমন্বয় ও যোগাযোগ বজায় রাখতে এই কেন্দ্রটি ব্যবহার করা হতো।
আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের অ্যারোস্পেস ইউনিটের পরিচালিত এক বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই স্থাপনাটিতে আঘাত হানা হয়। এতে স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের কয়েকজন উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখায় তেহরান।
এর পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলার অভিযোগ উঠেছে, অন্যদিকে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলি লক্ষ্যবস্তু এবং অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার দাবি করছে।
তবে এসব হামলার বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
