বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন, বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে

প্রথম সমাচার ডেস্ক ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করেছে সরকার। তবে ছুটি আরও বাড়ানো হতে পারে—এমন আলোচনা চলছে প্রশাসনিক মহলে। এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন, ফলে সড়ক, রেল ও নৌপথে একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা কমবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। সে হিসাব ধরে ২১ মার্চ সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১৯ ও ২০ মার্চ ঈদের আগের দিন এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

তবে অতিরিক্ত কত দিন ছুটি বাড়ানো হতে পারে—এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের ওপর নির্ভর করছে।

গত বছর ঈদ উপলক্ষে তুলনামূলক দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই এবারও ছুটি বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে।

সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন সবার নজর।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...