পবিত্র ঈদুল ফিতর-এর টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সকাল ৯টা থেকে অফিস-আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ঈদের ছুটি শেষে এখনো দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তবে অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
অন্যদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি পালন করা হয়। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছিল, যা সোমবার শেষ হয়েছে।
