পবিত্র ঈদুল আজহার দিনেও ইসরাইলি কারাগারে বন্দি অবস্থায় সময় কাটিয়েছে প্রায় ৩৬০ ফিলিস্তিনি শিশু ও ৮৪ নারী। ফিলিস্তিনি বন্দিবিষয়ক সংগঠনগুলোর দাবি, বর্তমানে ইসরাইলের হেফাজতে মোট প্রায় ৯ হাজার ৪০০ ফিলিস্তিনি আটক রয়েছেন।
এক বিবৃতিতে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাবের প্রধান আব্দুল্লাহ আল-জাঘারি জানান, বন্দি শিশুদের মধ্যে তিনজন কন্যাশিশু রয়েছে। এছাড়া আটক নারীদের অনেকেই মা, যারা দীর্ঘ সময় ধরে পরিবার ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন।
তিনি অভিযোগ করেন, ইসরাইলি কারাগারগুলোতে বন্দিদের ওপর কঠোর দমন-পীড়ন ও নির্যাতন চালানো হচ্ছে। তার দাবি, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে কারাগারে ও আটক অবস্থায় ১০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
আল-জাঘারির অভিযোগ, বন্দিদের পর্যাপ্ত খাবার ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে না। পাশাপাশি কিছু আটককেন্দ্রে যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
এছাড়া বন্দিদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ সীমিত বা বন্ধ করে দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়। ফিলিস্তিনি সংগঠনগুলোর ভাষ্য, এর মাধ্যমে বন্দিদের বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে ফেলার চেষ্টা করা হচ্ছে।
