বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন অপি শিগগিরই জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ক্রীড়াঙ্গনের পরিচিত এই মুখকে দলে যুক্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের পরিচিত ব্যক্তিদের দলে টানছে। গত কয়েকদিনে সাবেক রাজনৈতিক নেতা, কনটেন্ট ক্রিয়েটর, সামাজিক কর্মীসহ একাধিক আলোচিত ব্যক্তি দলটিতে যোগ দিয়েছেন। এই ধারাবাহিকতায় এবার ক্রীড়াঙ্গন থেকেও বড় চমক দিতে চায় দলটি।
দলীয় সূত্রের দাবি, শুধু মেহেরাব হোসেন অপিই নন—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে নীতিগত আলোচনা চলছে। তাদের কেউ কেউ সরাসরি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী, আবার কেউ জাতীয় পুনর্গঠন, যুবসম্পৃক্ততা ও ক্রীড়া উন্নয়নভিত্তিক প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও আনুষ্ঠানিক নাম এখনই প্রকাশ করা হচ্ছে না, তবে শিগগিরই একটি বড় ‘জয়েনিং প্রোগ্রাম’-এ ক্রীড়াঙ্গনের একাধিক মুখ দেখা যেতে পারে বলে জানা গেছে।
মেহেরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে এক ঐতিহাসিক নাম। জাতীয় দলের শুরুর দিকের এই ওপেনার দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নেন। মাঠে তার আগ্রাসী ব্যাটিং যেমন পরিচিত ছিল, তেমনি অবসরের পরও ক্রীড়াঙ্গনে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে তাকে রাজনীতিতে আনা এনসিপির জন্য প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন সংগঠন সম্প্রসারণের পাশাপাশি জনপরিচিত মুখ যুক্ত করে দলীয় গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গন থেকে নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে দলটি নিজেদের ‘বহুমাত্রিক নাগরিক প্ল্যাটফর্ম’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মেহেরাব হোসেন অপির এনসিপিতে যোগদানের ঘোষণা আসতে পারে। আর সেটি হলে বাংলাদেশের রাজনীতিতে ক্রীড়াঙ্গনের সম্পৃক্ততায় নতুন এক আলোচনার জন্ম দেবে বলেই ধারণা করা হচ্ছে।
