সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি গঠন, আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব

প্রথম সমাচার ডেস্ক ১৫ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরে ১৬৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মাঈনুদ্দিনকে সদস্য সচিব করে আগামী ৬ মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন।

নতুন এই কমিটিতে চট্টগ্রাম মহানগরে এনসিপির হয়ে দীর্ঘদিন ধরে কাজ করা প্রায় সব নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া এলডিপির মহানগর সেক্রেটারি জাফর আহমেদ চৌধুরী, আপ বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক হুজ্জাতুল্লাহ বিন ফারুক আজাদ, যুগ্ম আহ্বায়ক ডা. এমআর রহমান মাবরুর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডা. মালেকা আফরোজ, ফজলে আদনান এবং জাতীয় নাগরিক ঐক্যের কো-অর্ডিনেটর জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩০০-এরও বেশি নেতাকর্মী কয়েকদিন আগে এনসিপিতে যোগ দেন এবং তাদের অনেককেই নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগের কমিটির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক নির্বাচনের আগে দল ছেড়ে যান। তার পাশাপাশি আরও কয়েকজন নেতা দল ত্যাগ করায় চট্টগ্রামে এনসিপির সাংগঠনিক কার্যক্রম কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। নতুন এই কমিটি সেই শূন্যতা পূরণ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

কমিটি ঘোষণার পর সদস্য সচিব আরিফ মাঈনুদ্দিন বলেন, “জুলাইয়ের শহীদ ও আহত ভাইদের রক্তের ঋণ বহন করার শক্তি আল্লাহ দিক। পুরনো ব্যবস্থা ভেঙে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছে, সেটা বাস্তবায়ন করতে চাই।”

বার্তা সূত্র: দপ্তর সেল, এনসিপি চট্টগ্রাম মহানগর

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...