সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

এপ্রিল শেষ না হতেই ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

প্রথম সমাচার ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

আগামী মাসে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে সাধারণত প্রবাসীরা আগে থেকেই দেশে অর্থ পাঠাতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা গেছে। মাস শেষ হওয়ার আগেই, অর্থাৎ ২৯ দিনেই দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে কোরবানির পশু কেনা ও পরিবারের অতিরিক্ত ব্যয়ের কথা বিবেচনা করে প্রবাসীরা বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। এতে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব ফিরে এসেছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে।

কেন্দ্রীয় ব্যাং‌কের সবশেষ তথ্য বলছে, চলতি এপ্রিলের ২৯ দিনে ৩০০ কো‌টি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা ধ‌রে) এই অংক ৩৬ হাজার ৮০০ কোটি টাকার বে‌শি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিল ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এটিই দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছর ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে দুই হাজার ৯২১ কোটি মার্কিন ডলার; যা আগের অর্থবছরের তুলনায় ১৯ দশমিক ৮ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৪৩৯ কোটি মার্কিন ডলার।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...