বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

এবার মার্কিন সামরিক জাহাজে ইরানের হামলা

প্রথম সমাচার ডেস্ক ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৮ মার্চ) আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ওই কর্মকর্তা বলেন, ইরানি বাহিনী ওমানের সালালাহ বন্দর থেকে বেশ কিছুটা দূরে একটি মার্কিন সামরিক সহায়তা জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা পূর্বেই যেমন ঘোষণা করেছি, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের সার্বভৌমত্বকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্মান করে।

এদিকে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে সমর্থনকারী একটি রসদবাহী জাহাজকে ওমানের সালালাহ বন্দর থেকে বেশ কিছুটা দূরে আইআরজিসি লক্ষ্যবস্তু বানিয়েছে।’

এর আগে, বুধবার ইরানের সেনাবাহিনী দাবি করেছিল যে, তারা উপকূলীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্যবস্তু করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ইরানের নৌ কর্মকর্তাদের উদ্ধৃত করে অভিযানটির বর্ণনা দিয়েছে। পিস টিভি এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে।

ইরনার তথ্যমতে, ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ‘শত্রু’ বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। রণতরিটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লার মধ্যে প্রবেশ করলেই সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

সংস্থাটি জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরিতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর ফলে রণতরিটিকে তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

তেহরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে। ফলে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...