রমজানের ঈদ থেকেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার সম্ভাবনা
এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে আসন্ন পবিত্র রমজানের ঈদে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, তাদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে শতভাগ করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের অর্ধেক সমপরিমাণ উৎসব ভাতা পান। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সব কিছু অনুকূলে থাকলে রমজানের ঈদ থেকেই শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা পেতে পারেন।
তবে নীতিমালায় এ পরিবর্তন আনতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। এজন্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
