শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

এমপি নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে ফেনীতে এনসিপির বিক্ষোভ

Icon প্রথম সমাচার ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের খেজুর চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা এনসিপির আহ্বায়ক শাহ ওয়ালি উল্লাহ মানিক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসব হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখিয়ে স্বাভাবিকীকরণের চেষ্টা করছেন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার পদত্যাগ করা উচিত।

জেলা সদস্যসচিব সুজা উদ্দীন সজীব বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের সহিংসতায় তাদের সহযোদ্ধাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে। নুসরাত তাবাসসুম ও হাসিবদের জাতীয় বীর উল্লেখ করে তিনি তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের শাস্তির দাবি জানান।

জেলা এনসিপির দপ্তর সম্পাদক আবদুল আজিজ বলেন, নির্বাচনের পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক ও বর্তমান সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

যুবশক্তির আহ্বায়ক পারভেজ হোসেন বলেন, ‘জুলাইয়ের রক্ত এখনো আমাদের গায়ে লেগে আছে। এই রক্তের সঙ্গে বেইমানি করবেন না।’

জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার সদস্যসচিব আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ভারতীয় প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। সোনাগাজী উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিপির প্রচার সম্পাদক মিরাজ হোসাইন।

এ সময় জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম পলাশ ও এমদাদুল হক রাজিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্যসচিব জুবায়ের আল মুজাহিদ, আজহার উদ্দিন সৈকত ও ইস্রাফিল সাগরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মী এবং দলের সমর্থকরাও সমাবেশে অংশ নেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com