চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ইংরেজি ও গণিত বিষয়ে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, আর সবচেয়ে বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বোর্ডভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে ইংরেজিতে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী বোর্ডে এই হার যথাক্রমে ৭৪ দশমিক ৭ ও ৭৭ দশমিক ১৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮১ দশমিক ২৯ ও ৮১ দশমিক ৭৫ শতাংশ, যশোর বোর্ডে ৭১ দশমিক ৮৪ ও ৮৩ দশমিক ৩৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২ দশমিক ২৭ ও ৮০ দশমিক ০৫ শতাংশ।
বরিশাল বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৬৯ দশমিক ২৪ ও ৭৭ দশমিক ৯৮ শতাংশ, সিলেট বোর্ডে ৬৯ দশমিক ১১ ও ৭৫ দশমিক ৯৬ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭২ দশমিক ৯১ ও ৭১ দশমিক ০৫ শতাংশ।
এদিকে ময়মনসিংহ বোর্ডে দুই বিষয়ে পাসের হার যথাক্রমে ৬৬ দশমিক ৬৪ ও ৬৯ দশমিক ৬১ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৯ দশমিক ২১ ও ৬৯ দশমিক ৯৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৯৪ দশমিক ৭৯ ও ৭০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর বিপরীতে আইসিটি বিষয়ে সব কটি বোর্ডেই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এবারের পরীক্ষায় সার্বিক গড় পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পতন। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এ হিসাবে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও এবার উল্লেখযোগ্যভাবে কমেছে।
শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের হিসাব ধরলে এবারের গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ পয়েন্ট।
