বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
ওসমান হাদী

ওসমানী হাদী হত্যার প্রধান আসামী কলকাতায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ০৮ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রকাশিত তথ্যে বলা হয়, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনার পর অন্তর্বর্তী সরকার ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে ফয়সাল করিম মাসুদ, তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক হিসাব জব্দ করা হয়। তদন্ত কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো ধরনের অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতে সম্ভাব্য অর্থ লেনদেন বা অর্থ গোপনের আশঙ্কা ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এদিকে হাদিকে গুলি করার ঘটনার তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। পাশাপাশি আর্থিক গোয়েন্দা সংস্থাও মামলার সঙ্গে জড়িত সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্র খতিয়ে দেখছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন জানান। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন এবং নতুন করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।

তবে এখন পর্যন্ত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় একাধিকবার পিছিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্তের বিভিন্ন দিক যাচাই-বাছাই করতেই প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...