শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

কত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে: প্রশ্ন এমপি মাসুদের

Icon প্রথম সমাচার ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চেয়ে এই সংসদ সদস্য বলেন, ‘সাজেকসহ সেখানকার শিল্পখাত এবং বর্তমান পর্যটনশিল্প ধ্বংস করার পাঁয়তারার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চাঁই।’

গতকাল সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সবশেষ গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ওপর শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। আমড়া বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, শুধু কয়েকটি নয়, শত শত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাহলে কতজন লোক কিংবা আর কত বোমা, কত গাড়ির ওপর হামলা হলে আমড়া বুঝব যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘লম্বা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হবে। আমি উত্তর দিতে দাঁড়িয়েছি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে। সেই উত্তরটা দিই।’

সাজেকের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সাজেক ভ্যালি-সংক্রান্ত যে উদ্বেগ মাননীয় সদস্য প্রকাশ করেছেন, সেটা আমরাও একইভাবে প্রকাশ করি। প্রতি পর্যটন মৌসুমের আগে সাজেক ভ্যালিতে বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়, ওইখানকার কিছু দখলদারিত্ব বজায় রাখার জন্য।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে এবং সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছেন। সেখানে পরিস্থিতি স্থিতিশীল। দ্বিতীয় অংশের জবাব আমি ৩০০ বিধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে যখন বক্তব্য দেব, তখন পাবেন।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com