মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Logo
×

কন্যার নিরাপত্তার কথা উল্লেখ করে শটগানের লাইসেন্সের আবেদন

প্রথম সমাচার ডেস্ক ০৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

কন্যা সন্তানের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে শটগানের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন ফেনীর এক বাসিন্দা। আবেদনকারী তানজিরুল ইসলাম সম্রাট সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করে সম্রাট জানান, গত ৩১ মে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার সাত বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। একজন দায়িত্বশীল পিতা হিসেবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বৈধভাবে একটি শটগানের লাইসেন্স চেয়েছেন তিনি।

আবেদনে সম্রাট আরও উল্লেখ করেন, অস্ত্রের অপব্যবহার রোধে তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং প্রচলিত আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা মন্তব্য জানা যায়নি। তবে আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...