মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

​কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সম্পাদক তামিম

প্রথম সমাচার ডেস্ক ১৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন নেতৃত্ব মনোনীত করা হয়েছে। এতে সভাপতি পদে ইয়াছিন ইবনে ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে তামিম মিয়া মনোনীত হয়েছেন।

​গত ১৮ আগস্ট (মঙ্গলবার) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো: রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য এই মনোনয়ন প্রদান করা হলো। একই সাথে আগামী সাত (০৭) কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেল বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

​দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নবমনোনীত সভাপতি ইয়াছিন ইবনে ফিরোজ বলেন, “শিল্প, সাহিত্য ও বস্তুনিরপেক্ষ কলাম চর্চার মাধ্যমে একটি সুস্থ, মননশীল ও বিচারবুদ্ধিসম্পন্ন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

​লেখনী কেবল শব্দের সমাহার নয়, লেখনী একটি সংগ্রাম,অন্যায়ের বিরুদ্ধে, সত্য ও সুন্দরের পক্ষে। মুক্তচিন্তা, গঠনমূলক সমালোচনা ও মেধা বিকাশের এই দায়িত্ব পাওয়া যেমন এক পরম প্রাপ্তি, তেমনই এক গুরুদায়িত্ব। আমার সাথে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তামিম মিয়া। আমরা সংগঠনের গঠনতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে আগামী সাত কার্যদিবসের মধ্যে একটি দক্ষ, প্রাণবন্ত ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করছি।

​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের চিন্তার ক্যানভাসকে আরও প্রসারিত করতে, তাদের কলমকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে এবং ক্যাম্পাসভিত্তিক লেখকবান্ধব পরিবেশ তৈরিতে আমরা একযোগে কাজ করব। এই সাহিত্যিক ও বৌদ্ধিক যাত্রায় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলী, প্রবীণ সদস্য এবং সকল সহযোদ্ধার নিরবচ্ছিন্ন সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।”

​সাধারণ সম্পাদক তামিম মিয়া বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে। তারুণ্যের শাণিত কলমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে সাহিত্যপ্রেম, মুক্তচিন্তা এবং সৃজনশীলতা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার অর্পিত আমানত সকলকে সাথে নিয়ে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে চাই।”

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...