শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ: খুলশী থানার ওসি প্রত্যাহার

প্রথম সমাচার ডেস্ক ১৪ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বিষয়টি নিশ্চিত করে জানায়, ওসি আরিফুর রহমানের পরিবর্তে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুলশী থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে নাঈম হাসানের সঙ্গে অসদাচরণের অভিযোগে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ভুঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি।

শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জাতীয় দলের এই ক্রিকেটারকে পুলিশ মারধর করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...