রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

খেতে গিয়ে চুরি হলো পুলিশের গাড়ি, এসআইসহ বরখাস্ত ৪

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সরকারি গাড়ি অরক্ষিত রেখে একসঙ্গে দুপুরের খাবার খেতে যাওয়ায় গাড়ি চুরি হওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন এবং কনস্টেবল মো. আবুল কাশেম, মো. আক্তার হোসেন ও মো. আকবর হোসেন।

সিএমপির পশ্চিম বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর সকাল সাড়ে সাতটায় হালিশহর থানার সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫৯) অনুযায়ী সিএমপির নীল রঙের একটি সিঙ্গেল কেবিন গাড়িতে (গাড়ি নম্বর-১৮০) ‘মোবাইল-৪২’ দলের হয়ে দিবা দায়িত্ব পালন করছিলেন ওই পুলিশ সদস্যরা। গাড়িটির চালক ছিলেন কনস্টেবল মো. আক্তার হোসেন। দায়িত্ব পালনকালে দুপুর আড়াইটার দিকে তারা নগরের ছোটপোল পুলিশ লাইনসসংলগ্ন ‘পুনাক রেস্তোরাঁর’ বিপরীত পাশে গাড়িটি রেখে দুপুরের খাবার খেতে ভেতরে যান।

খাবার শেষে রেস্তোরাঁ থেকে বের হয়ে তারা দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি নেই। এরপর আশপাশের সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো হদিস মেলেনি। পরে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

উপপুলিশ কমিশনারের (পশ্চিম) ওই আদেশে উল্লেখ করা হয়, মোবাইল ডিউটিতে নিয়োজিত ওই সদস্যরা সরকারি গাড়ির যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে এবং গাড়িতে কাউকে না রেখে একযোগে খাবার খেতে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাধারণ ডায়েরি করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা, গাফিলতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্যের অভিযোগে পুলিশ প্রবিধানের (পিআরবি) ৮৮০ বিধি অনুযায়ী ওই সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, বরখাস্তকালীন সময়ে তারা দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত (রিজার্ভ ইনস্পেক্টরের অধীনে) থাকবেন এবং নিয়মিত রোলকলে হাজির হবেন। এ ছাড়া বিধি মোতাবেক তারা খোরপোশ ভাতা পাবেন।

পাশাপাশি পুরো ঘটনাটি প্রাথমিকভাবে অনুসন্ধান করে সুস্পষ্ট মতামতসহ আগামী ৩৫ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন উপপুলিশ কমিশনার। একই সঙ্গে বরখাস্ত হওয়া সদস্যদের কাছ থেকে সরকারি মালামাল বুঝে নিয়ে ছাড়পত্র দেওয়ার জন্য হালিশহর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com