গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে মানবে না। এমনকি এর কারণে দেশে নতুন করে আবারও অস্থিরতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। গণভোটের রায় উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি বলেন, দেশে রক্তপাত নয়, ঐক্যবদ্ধভাবে জনগণের রায় বাস্তবায়নই এখন সময়ের দাবি। সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে।
জামায়াতের এই নেতা বলেন, ইতিহাস সাক্ষী জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি, আগামীতেও পারবে না। জনগণের মত মেনে নেওয়ার মধ্যেই শান্তি প্রতিষ্ঠা নিহিত রয়েছে।
ভাষা আন্দোলন প্রসঙ্গে মুজিবুর রহমান বলেন, ভাষাশহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সংবিধানে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসের বিকৃতি বন্ধ করে প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
