সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
উপচেপড়া ভিড়ের মধ্যে হিট অব দ্য মোমেন্ট -আমান

‘গলাধাক্কার’ ঘটনা নিয়ে মুখ খুললেন ছাত্রদল নেতা আমান

প্রথম সমাচার ডেস্ক ১২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর প্রতি নিজের আনুগত্য ও ভালোবাসার কথা তুলে ধরেছেন। একই সঙ্গে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া এক ‘গলাধাক্কার’ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনারও জবাব দিয়েছেন তিনি।

পোস্টে আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের এই প্রজন্ম তারেক রহমানের নির্দেশনায় রাজপথে ছিল এবং তার প্রশ্নে কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি লেখেন, “আমাদের সেই ভালোবাসার অবিকল্প শব্দ তারেক রহমান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, এটা আমাদের জন্য পরমানন্দের।”

তার ভাষ্য অনুযায়ী, তারেক রহমান শুধু আবেগের জায়গাই নন, তিনি দেশের প্রধানমন্ত্রীও। তাই তার নিরাপত্তা নিশ্চিত করা দেশের সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি এক জনসমাগমপূর্ণ কর্মসূচিতে এসএসএফ সদস্যের ধাক্কার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আমান বলেন, এ ধরনের পাবলিক প্রোগ্রামে নিরাপত্তাকর্মীদের ওপর প্রচণ্ড চাপ থাকে। তিনি দাবি করেন, ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং “উপচেপড়া ভিড়ের মধ্যে হিট অব দ্য মোমেন্ট” থেকে ঘটেছে। কোনো সদস্যের পেশাদারিত্বের ঘাটতি থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনাকারীদের কড়া ভাষায় আক্রমণ করেন ছাত্রদলের এই নেতা। তিনি অভিযোগ করেন, “আল বটর” ও “পতিত ফ্যাসিস্টের দোসররা” ঘটনাটি নিয়ে বিদ্রূপ করছে এবং নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

পোস্টে তিনি আরও লেখেন, দেশের জন্য তারেক রহমান তার বাবা, ভাই এবং পরিবারকে হারিয়েছেন; নিজের ওপরও নানা নির্যাতন সহ্য করেছেন। তাই তারেক রহমানের জন্য তিনি সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন আমান।

সবশেষে তিনি লেখেন, “তোমরা যতই বস্তাপঁচা ন্যারেটিভ দাও, আমি আমান তারেক রহমানের পাশে থাকবোই থাকবো, ভ্যানগার্ড হয়ে থাকবো, আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ।”

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...