বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
মধ্যপ্রাচ্যে উত্তেজনা

গাজা-ইরান ইস্যুতে ইস’রায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

আন্তর্জাতিক প্রথম সমাচার ১১ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ইসরায়েল ও গাজা ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন। বুধবার দেশটির সরকারি গেজেটে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। স্পেনের মন্ত্রী পরিষদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রদূত আনা মারিয়া সালোমন পেরেজকে পদমুক্ত করার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন থেকে ইসরায়েলে অবস্থিত স্পেনীয় দূতাবাস একজন অন্তর্বর্তীকালীন দূতের মাধ্যমে পরিচালিত হবে।

​মূলত গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতাকে শুরু থেকেই গণহত্যামূলক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে আসছে স্পেনের পেদ্রো সানচেজ সরকার। এছাড়া সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর শুরু করা নতুন যুদ্ধের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের এই প্রভাবশালী সদস্য রাষ্ট্রটি। স্পেন সরকার এই যুদ্ধকে অযৌক্তিক হিসেবে বর্ণনা করে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকার করেছে।

​উল্লেখ্য যে, গত বছর ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর আগে আলোচনা ও প্রতিবাদের অংশ হিসেবে রাষ্ট্রদূতকে সাময়িকভাবে ডেকে পাঠানো হলেও বর্তমান প্রেক্ষাপটে তাকে স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন বর্তমানে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নীতির অন্যতম প্রধান সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে।

খবর আল-জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...