গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ সরকারি ভাতা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর প্রস্তাব চলতি অর্থবছরের বাজেটেই অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার এবং পুনর্বাসনের দাবিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন শুধু শোক প্রকাশের সময় নয়, বরং অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার সময়। তিনি মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় অতীতে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
