মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Logo
×

গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

Icon প্রথম সমাচার ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চেসি ত্রিপুরাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তাঁর চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

এর আগে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। দুর্ঘটনার পর তাঁকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। দুর্ঘটনায় তাঁর মাথার ডান পাশে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

গুরুতর অবস্থায় থাকা চেসি ত্রিপুরার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে। সেখানে বিশেষায়িত হাসপাতালে তাঁর পরবর্তী চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com