শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

গ্রামবাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরাইলে লাঠিখেলার আয়োজন

Icon প্রথম সমাচার ডেস্ক

বিকেলের মেঠোপথ, চারপাশে কৌতূহলী মানুষের ভিড়। মাঠজুড়ে উৎসুক চোখ, আর মুহূর্তেই শোনা গেল লাঠির ঝনঝন শব্দ। একের পর এক কসরত, ঘূর্ণন আর নান্দনিক কৌশলে যেন ফিরে এলো গ্রামবাংলার সেই চিরচেনা দিন। লাঠির ছন্দে-ছন্দে জমে উঠল আসর, করতালি আর হর্ষধ্বনিতে মুখর হয়ে উঠল চারপাশ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের পূর্বপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত এ লোকজ খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

লাঠিখেলায় অংশ নেওয়া খেলোয়াড়েরা দেখান নানা ধরনের কসরত ও নান্দনিক কৌশল। কখনো দ্রুত লাঠি ঘুরিয়ে, কখনো প্রতিপক্ষের আঘাত এড়িয়ে, আবার কখনো ছন্দময় ভঙ্গিতে লাঠির খেলা প্রদর্শন করে মাতিয়ে রাখেন দর্শকদের। খেলোয়াড়দের দক্ষতা ও শৈল্পিক নৈপুণ্যে মুগ্ধ হয়ে মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা।

আয়োজকরা বলেন, একসময় গ্রামবাংলার সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল লাঠিখেলা। হাট-মাঠ কিংবা কোনো উৎসবের আসরে লাঠিয়ালদের কসরত দেখতে ভিড় জমাতেন নানা বয়সী মানুষ। সময়ের স্রোতে আধুনিক বিনোদনের বিস্তার এবং লোকজ সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় ঐতিহ্যবাহী এ খেলাটি আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের সামনে গ্রামবাংলার শেকড় ও লোকজ সংস্কৃতির এই ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।

লাঠির প্রতিটি ঘূর্ণনে যেন উঠে আসে বাংলার মাটির গন্ধ, আর প্রতিটি কসরতে ফুটে ওঠে হারিয়ে যেতে বসা এক সময়ের গ্রামীণ জীবনের ছবি। এমন আয়োজন শুধু বিনোদন নয়, বরং শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ারও একটি প্রয়াস বলে মনে করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারাজ আলী মেম্বার।

এ সময় উপস্থিত ছিলেন আহসানুল হক মৃধা, যুবদল নেতা নান্নু মিয়া, সাবেক ছাত্রনেতা সোহাগ মিয়া, নারী ইউপি সদস্য নাদিরা বেগম, লায়েছ মিয়া, জামাল মিয়া, দুলাল মিয়া, ছৈয়দ হোসেন, যুবদল নেতা উজ্জ্বল মিয়া ও ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com