এয়ারকাট পদ্ধতি বাতিল ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় তালা দিয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।
জানা গেছে, দুই শতাধিক গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনস্থ ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় একত্রিত হন এবং বিক্ষোভের এক পর্যায়ে শাখার প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভকারী গ্রাহকরা অভিযোগ করেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই এয়ারকাট ব্যবস্থা চালু রাখা হয়েছে, যা সরাসরি গ্রাহকস্বার্থের বিরুদ্ধে।
এছাড়া সরকারের পক্ষ থেকে লেনদেন স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে ব্যাংকগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেও তারা দাবি করেন।
পরে গ্রাহকরা একই এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। সেখানেও তালা দেওয়ার চেষ্টা করা হলে পুলিশ তাদের বাধা দেয়।
