চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে চীনা কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এমপি, আখতার হোসেন এমপি, খালেদ মাহমুদ শ্যামল এমপি, সুলতানা জেসমিন এমপি এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
চীনের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টি অব ইউনানের সাধারণ সম্পাদক ওয়াং নিং। এ সময় ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্রবিষয়ক মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা বিভাগের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য বিভাগের মহাপরিচালক লি চাউইয়ে এবং স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক শি জানবিন উপস্থিত ছিলেন।
বৈঠকে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং সড়ক যোগাযোগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
এছাড়া ভবিষ্যতে দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বিনিময়, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।
