ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে চুরি হওয়া একটি গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে আয়োজক প্রবাসী আহমদ মধু সামাজিকভাবে বিব্রত হয়ে যুক্তরাজ্যে ফিরে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট-এর উদ্যোগে গত মঙ্গলবার (৬ রমজান) একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশ নেন।
এর আগে একই গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম তার একটি গরু পার্শ্ববর্তী মাঠ থেকে নিখোঁজ হওয়ার কথা জানান। তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাননি। অভিযোগ ওঠে, ইফতারের আয়োজনের জন্য প্রবাসী আহমদ মধু তার বাড়ির কেয়ারটেকার সাঈদীর কাছে তিনটি গরু কেনার অর্থ দিলেও কেয়ারটেকার নতুন গরু না কিনে নিখোঁজ গরুটি জবাই করেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে ব্যাখ্যা চান। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় জবাই করা গরুটি নাজমুল ইসলামের বলে নিশ্চিত হওয়ার দাবি করা হয়। এ ঘটনায় প্রবাসী আহমদ মধু গরুর মালিককে ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর প্রবাসী আহমদ মধু একটি ভিডিও বার্তায় নিজেকে সরাসরি জড়িত নন বলে দাবি করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এদিকে অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
এ বিষয়ে ওসমানীনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, তাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনো জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত আহমদ মধুর পরিবারের জন্য ঘটনাটি সামাজিকভাবে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমেই ঘটনার পূর্ণ সত্য উদঘাটন সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
