শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের এ মন্তব্যের জবাবে ছাত্রদল সেক্রেটারি বলল, ‘তার পূর্ণাঙ্গ ধারণা নেই’

Icon প্রথম সমাচার ডেস্ক

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে যে কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে দেওয়া এক পোস্টে এই আমন্ত্রণ জানান তিনি।

ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির লিখেছেন, ‘জনাব সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার গোচরীভূত হয়েছে। তিনি বলেছেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’। তার এই মন্তব্য থেকে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই’।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছিল, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী’।

তিনি আরও বলেন, বিগত সতের বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দি অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার-দুটিই ধরে রাখার জন্য তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগই প্রমাণ করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা গভীর ও বাস্তব।

সবশেষ নাছির উদ্দীন নাছির বলেন, তাই সালমান মুক্তাদিরের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ-আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন-ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com