সার্বিয়ার আবারও নির্বাচনি প্রচারে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। গত ২৭ সেপ্টেম্বর প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর এবার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন তিনি।
গত শনিবার (৩ অক্টোবর) রাজধানী বেলগ্রেডের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশ করেন ভুচিচ। এতে তার হাজারো সমর্থক অংশ নেন। সমাবেশে আসন্ন নির্বাচনে ‘সার্বিক’ বিজয়ের প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর আগেই আগাম এ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ভুচিচ। গত ২৭ সেপ্টেম্বর পদত্যাগের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার সাত মাসেরও বেশি সময় আগে দায়িত্ব ছাড়েন তিনি।
মূলত প্রধানমন্ত্রী পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবেই তার এ সিদ্ধান্ত।
আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে ভুচ্চির দল এবং শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা সরকারবিরোধী আন্দোলনের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিভিন্ন জনমত জরিপেও এমন ইঙ্গিত পাওয়া গেছে। ফলে, ক্ষমতায় টিকে থাকতে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ভুচিচ।
গত শনিবারের সমাবেশে যোগ দিতে সার্বিয়ার বিভিন্ন এলাকা থেকে বাসে করে বেলগ্রেডে আসেন ভুচিচ সমর্থকরা। তাদের বহনকারী বাসগুলোতে রাজধানীর সড়কগুলো ব্যস্ত হয়ে ওঠে।
সমর্থকদের হাতে ছিল জাতীয় পতাকা ও ভুচিচের ছবি সংবলিত ব্যানার। দেশটির কয়েক ডজন টেলিভিশন চ্যানেলে সমাবেশটি সরাসরি সম্প্রচার করা হয়।
এর আগে, সপ্তাহজুড়ে বিভিন্ন শহর ও গ্রামে নির্বাচনি প্রচার চালান ভুচিচ। প্রায় দুই বছর ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের কারণে তার জনপ্রিয়তায় ধাক্কা লেগেছে।
সে ক্ষতি কাটিয়ে উঠে সমর্থকদের আবারও নিজের পক্ষে টানাই এবারের প্রচারের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
২০১৪ সাল থেকে কখনো প্রেসিডেন্ট, আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে সার্বিয়ার রাজনীতিতে প্রভাব ধরে রেখেছেন ভুচিচ। এবার তিনি সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
দেশটির সংবিধান অনুযায়ী, তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই তার। তাই পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন তিনি। এসএনএস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে তাকে প্রধানমন্ত্রী করার সম্ভাবনা রয়েছে।
তবে, ভুচিচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা সরকারবিরোধী আন্দোলন। ২০২৪ সালের ১ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হন।
ওই ঘটনার বিচার, দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে এ আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।
অবশেষে গত ২৭ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন ভুচিচ। তার পদত্যাগের পর ঘনিষ্ঠ সহযোগী ও পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান